...|...|...

চট্টগ্রাম

জামায়াত ইঞ্জিনিয়ারিং করে ৭৮টা সিট পেয়েছে: এমপি নুরুল আমিন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৩১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪৬
Shares
জামায়াত ইঞ্জিনিয়ারিং করে ৭৮টা সিট পেয়েছে: এমপি নুরুল আমিন

বক্তব্য রাখছেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন। ছবি: টাইমস টুডে

চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের সংসদ সদস্য নুরুল আমিন জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, ইউনূস সরকারকে দিয়ে ইঞ্জিনিয়ারিং করিয়ে জামায়াত ৭৮টা সিট পেয়েছে। আগামীতে ইউনূস সরকার আর ইঞ্জিনিয়ারিং করতে পারবে না। তাই আপনাদের মাথা খারাপ। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

র‍্যালিটি মিরসরাই কলেজ থেকে শুরু হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য নুরুল আমিন।

নুরুল আমিন বলেন, বিএনপি যদি ক্ষমতায় না থাকে আপনারা (আওয়ামী লীগ) কখনো আসতে পারবেন না। আপনাদের অবস্থা হবে এরশাদের অবস্থা। আরেকটি বিপ্লব যদি সংগঠিত করতে চান সেটি সফল হবে না।

উপজেলা বিএনপি আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে ও বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সালা উদ্দিন চেয়ারম্যান, নুরুল আবছার চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বর্তমান সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব জসিম উদ্দিন কমিশনার, মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক জামশেদ আলম, সদস্য সচিব কামরুল ইসলাম লিটন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীনূর ইসলাম স্বপন, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ ।

এসময় আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সমর্থিত মেম্বার, কাউন্সিলর, চেয়ারম্যান ও মেয়র প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান। এছাড়া আগামী উপজেলা পরিষদ নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের মাঠ না ছাড়া অনুরোধ করেন এমপি নুরুল আমিন।