জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের সদস্য ৩ জন। তাদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও আট মাস বয়সী এক শিশুসন্তান। এছাড়া, দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩), তাদের আট মাস বয়সী মেয়ে রিফা ও মোটরসাইকেল চালক শওকত হোসেন লিখন।
স্থানীয়রা জানান, জামালপুর শহর থেকে মেলান্দহগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয় পেছন থেকে আসা একটি ট্রাক। মোটরসাইকেল চাপা দিয়ে ট্রাকটি জামালপুরগামী ওই ইজিবাইককে মুখোমুখি চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়।
এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন নিহত হন। আহত হন মোটরসাইকেলের আরোহী ও অটোরিকশার চালকসহ দুজন। দুর্ঘটনায় মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান।
তার স্ত্রী ও শিশুসন্তানকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মোটরসাইকেল চালক শওকত হোসেন লিখনকে (৪০) মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ইফতেখার শামীম। উন্নত চিকিৎসার জন্য বাকি দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মেলান্দহের মালঞ্চ এলাকায় সেটি আটক করেন। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। পরে হাসপাতালে মোটরসাইকেল চালক নিহত হয়েছে বলে শুনেছি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি স্থানীয়রা আটক করেছেন। তবে চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।


