...|...|...

ক্যাম্পাস

জাবি ক্যাম্পাসে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার, উৎস অজানা

জাবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, রাত ১১:২৯
Shares
জাবি ক্যাম্পাসে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার, উৎস অজানা

ইন্ডিয়ান পিকক সফটশেল টার্টল। ছবি: টাইমস টুডে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের সড়ক থেকে বিপন্ন প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী থেকে আল-বেরুনী হলের দিকে যাওয়ার পথে রংপুর পুকুর ও মেডিকেল পুকুরের মাঝামাঝি সড়ক থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। কচ্ছপটি কীভাবে ক্যাম্পাসে এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধার করা কচ্ছপটি ‘ইন্ডিয়ান পিকক সফটশেল টার্টল’ প্রজাতির। এর বৈজ্ঞানিক নাম Nilssonia hurum। কচ্ছপটির খোলসের দৈর্ঘ্য প্রায় ৬০ সেন্টিমিটার এবং গলার দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার। খোলসের পাশের পরিমাপ ৪৬ সেন্টিমিটার।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার জানান, পরিবেশবিজ্ঞান বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী অরিত্র সাত্তার কচ্ছপটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে সেটিকে তার বাসার সুইমিংপুলে অল্প পানিতে রাখা হয়েছে। কচ্ছপটির শারীরিক অবস্থা পরীক্ষা করতে পশুচিকিৎসক ডাকা হয়েছে। পাশাপাশি নিরাপদ সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে।

মাফরুহী সাত্তার জানান, প্রাথমিক পর্যবেক্ষণে কচ্ছপটিকে সুস্থ মনে হলেও জন্মগতভাবে এর সামনের ডান পা নেই। এটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থানীয় প্রজাতি নয় বলে ধারণা করা হচ্ছে। কেউ কচ্ছপটিকে সেখানে ছেড়ে দিয়ে থাকতে পারেন, অথবা অন্য কোনো স্থান থেকে সেটি সেখানে চলে আসতে পারে। তবে এর প্রকৃত উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, ইন্ডিয়ান পিকক সফটশেল টার্টল মিঠাপানির কচ্ছপের একটি প্রজাতি। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার (আইইউসিএন) লাল তালিকায় প্রজাতিটি ‘বিপন্ন’ (Endangered) হিসেবে শ্রেণিবদ্ধ। আবাসস্থল ধ্বংস, পরিবেশদূষণ ও মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে প্রজাতিটির অস্তিত্ব হুমকির মুখে রয়েছে।