জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোকানের মালিকানা ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত নয়জন শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে নজরুল ইসলাম হল-সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নজরুল ইসলাম হলের সামনে অবস্থিত ৬টি দোকানের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই দুই হলের শিক্ষার্থীদের মধ্যে মনস্তাত্ত্বিক টানাপোড়েন চলছিল। দোকানগুলো নিজেদের হল সীমানায় অবস্থিত হওয়ায় সেগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ ও মালিকানা দাবি করে আসছিলেন নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা।
অন্যদিকে, রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীরা দোকানের মালিকানা ছাড়তে অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডা ও উত্তেজনা তৈরি হয়। এর একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সরাসরি সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শিক্ষার্থীদের নিজ নিজ হলে ফিরিয়ে দেওয়া হয়।
সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আব্দুস সাত্তার জয় জানান, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং দুই হলের শিক্ষার্থীদের হলে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিতর্কিত দোকানগুলোর মালিকানা সংক্রান্ত বিষয়ে দুই হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও যুক্তিসঙ্গত সমাধান করা হবে।


