পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। তবে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে বর্তমানে সরবরাহের পরিমাণ ৩০০ মেগাওয়াটে সীমিত রাখা হয়েছে।
প্রাথমিকভাবে সফলভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না কেন্দ্রটি। সক্ষমতা, নিরাপত্তা ও কারিগরি কার্যকারিতা যাচাই করতে আরও কয়েক মাস পরীক্ষামূলক কার্যক্রম চালানো হবে। সব পরীক্ষা সম্পন্ন করে আগামী বছর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
রূপপুর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি অনুসারে প্রথম ইউনিটে ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন করতে হবে। এরপর স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ শুরু হবে। একই সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রথম ইউনিটের দায়িত্ব পরমাণু শক্তি কমিশনের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনাকারী সংস্থা হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।
এর আগে মঙ্গলবার পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ফলাফল অত্যন্ত সন্তোষজনক। পরবর্তী সময়ে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে তা কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণ নিয়ে মন্ত্রী আরও বলেন, সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থায় অত্যন্ত সন্তুষ্ট। এ কারণেই আজকের এই সফল গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে। গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, যা পুরো জাতির জন্য এক অত্যন্ত আনন্দের সংবাদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাছান এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক মো. কবীর হোসেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষামূলক সংযোগের অংশ হিসেবে মঙ্গলবার জাতীয় গ্রিডে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা ছিল। এ সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সাথে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষাও চালানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী পর্যায়ে বিভিন্ন কারিগরি পরীক্ষা সম্পন্ন করতে বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করা হবে। এ সময় কেন্দ্রটির প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।
এদিকে পরীক্ষামূলক উৎপাদনের পুরো সময়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরীক্ষার প্রয়োজনে রূপপুরের প্রথম ইউনিট সাময়িক বন্ধ রাখা কিংবা উৎপাদন কমবেশি করার কারণে গ্রিডের ভারসাম্যে প্রভাব পড়তে পারে।
এ পরিস্থিতি সামাল দিতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর রূপপুর বিদ্যুৎকেন্দ্র পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। এবার জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরুর মধ্য দিয়ে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম হলো।


