...|...|...

জাতীয়

জাতিসংঘে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বিকালে সংবাদ সম্মেলন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২২ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:২৭
Shares
জাতিসংঘে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বিকালে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে সোমবার বিকালে সংবাদ সম্মেলন আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে রোববার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর সফরকে সফল ও ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী।

পাঁচ দিনের সফর শেষে প্রধানমন্ত্রী রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিকেলের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন দিক, বৈঠক ও আলোচনার বিষয় এবং সফরের অর্জন সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে।