...|...|...

ক্যাম্পাস

জবিতে গরু-খাসি দুটোই রান্না, খাবার খেতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:২৮
Shares
জবিতে গরু-খাসি দুটোই রান্না, খাবার খেতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘জবিয়ানদের গরুভোজ’ কর্মসূচিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। শুক্রবার দুপুরে খাবারের টোকেন সংগ্রহ করতে ক্যাম্পাসে দীর্ঘ লাইনে দাঁড়ান শিক্ষার্থীরা। কর্মসূচিতে গরুর মাংস ও খিচুড়ির পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য খাসির মাংসেরও আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজের পর বেলা ৩টা ১৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টোকেন সংগ্রহের জন্য শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। নিবন্ধনের প্রমাণ যাচাই করে জনপ্রতি ৭০ টাকা ফি পরিশোধকারী শিক্ষার্থীদের হাতে টোকেন তুলে দিচ্ছেন আয়োজকেরা। টোকেন দেখিয়ে খাবার সংগ্রহ করতে পারবেন তারা।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গরু ও খাসি জবাই করে মাংস রান্নার প্রস্তুতি নেওয়া হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, রান্নাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়েছে।

কর্মসূচির সাথে যুক্ত এক আয়োজক জানান, আগে নিবন্ধন করা শিক্ষার্থীদের তথ্য যাচাই করে টোকেন দেওয়া হচ্ছে। গরু থেকে প্রায় তিন মণ মাংস পাওয়া গেছে। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে খাসির মাংস রান্না করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কর্মসূচির জন্য ১ লাখ ২৫ হাজার টাকা দিয়ে একটি গরু কেনেন শিক্ষার্থীরা। একই সাথে বিভিন্ন ধর্মের শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং পারস্পরিক সম্প্রীতির বার্তা দিতে একটি খাসিও কেনা হয়। আয়োজকেরা জনপ্রতি ৭০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রশাসনের একটি বিজ্ঞপ্তি প্রকাশের পর এ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হয়। বিজ্ঞপ্তির প্রতিবাদে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে শুক্রবার ‘জবিয়ানদের গরুভোজ’ আয়োজনের ঘোষণা দেন তারা।

কর্মসূচিতে গরু ও খাসির মাংসের ব্যবস্থা রাখার মধ্য দিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন ধর্মের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতির বিষয়টিও তুলে ধরতে চেয়েছেন আয়োজকেরা।