...|...|...

সারাদেশ

ছেলেকে বেঁধে মাকে ধর্ষণ, আসামিদের বাড়িতে আগুন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:২০
Shares
ছেলেকে বেঁধে মাকে ধর্ষণ, আসামিদের বাড়িতে আগুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় অভিযুক্ত পাঁচ আসামির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরআলগী ইউনিয়নের চরকালীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সকালে স্থানীয় বাসিন্দারা মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে সড়কে মানববন্ধন করেন। এ সময় তারা পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টার দিকে চরকালীবাড়ী এলাকার শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুল (২২) নামে পাঁচ যুবক একটি প্রবাসীর বাড়িতে প্রবেশ করে।

এ সময় তারা বাড়ির উঠানে থাকা প্রবাসীর ১৬ বছর বয়সী ছেলের কাছে পানি চায়। ছেলেটি পানি আনতে ঘরে গেলে আসামিরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে উঠানের একটি গাছের সাথে বেঁধে রাখে।

পরে তারা ঘরে ঢুকে গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে বাড়ি নির্মাণের জন্য রাখা নগদ পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে। এরপর ছেলের গলায় চাপাতি ধরে পাশের ঘরে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ।

অভিযোগে আরও জানা যায়, এ সময় রাজিব নামের এক অভিযুক্ত যুবক মুঠোফোনে ধর্ষণের দৃশ্য ভিডিও ধারণ করে। পরে তিন দিনের মধ্যে আরও দুই লাখ টাকা চাঁদা না দিলে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে আসামিরা চলে গেলে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতোমধ্যে রাজিব নামে এক আসামিকে গ্রেফতার করেছে।

এদিকে ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী দুই আসামির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে বিকেলে অপর তিন আসামির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়।

একই সময়ে চরকালীবাড়ী সড়কে স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা পলাতক অন্য চার আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে।