ছেলের স্কুলে ছুটি। সেই সুযোগে মা-ছেলে মিলে বেরিয়ে পড়েছেন প্রায় দুই মাসের দীর্ঘ ভ্রমণে। অস্ট্রেলিয়ার সিডনি থেকে শুরু হওয়া এই সফরে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। সেখানে গিয়ে ঘুরে দেখেছেন বিশ্বখ্যাত হলিউড সাইন। ছেলেকে নিয়ে সেই স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দিও করেছেন। প্রায় দুই মাসের এই ভ্রমণে যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যেও যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। এ ছাড়া সফরের বিভিন্ন পর্যায়ে কয়েকটি অনুষ্ঠানে অতিথি হিসেবেও অংশ নেবেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সিডনি থেকে উড়োজাহাজে লস অ্যাঞ্জেলেসে পৌঁছান শাবনূর। শহরটিতে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন তিনি। তবে সেখানে পৌঁছানোর পর হোটেলে যাওয়ার আগেই হলিউডের বিখ্যাত সাইনটি কাছ থেকে দেখার ইচ্ছা পূরণ করেন। ছেলেকে সাথে নিয়ে যান সান্তা মনিকা পাহাড়সংলগ্ন এলাকায়। সেখানে ঘুরে দেখেন হলিউডের পরিচিত এই স্থাপনা এবং তোলেন বেশ কিছু ছবি।
হলিউডের পরিবেশ ও বিশাল আয়োজন দেখে মুগ্ধ হয়েছেন শাবনূর। বিশেষ করে শিল্প-সংস্কৃতির চর্চা এবং পর্যটকদের আগ্রহ তাকে মুগ্ধ করেছে। লস অ্যাঞ্জেলেসে অবস্থানকালে এক আলাপে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘কত বিশাল এলাকাজুড়ে হলিউডের এই জায়গা! কীভাবে তারা শিল্পকে লালন করছে। সারাদিন এই হলিউড সাইনের পেছনে রেখে ছবি তুলতে কত কত মানুষ আসছে। কী সুন্দর, অভূতপূর্ব! কেউ সরাসরি না এলে এটা কখনো অনুমানও করতে পারবে না।’
পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেস ছাড়বেন শাবনূর। এরপর যাবেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। সেখানে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তার। অনুষ্ঠান শেষ করে কয়েক দিন শহরটি ঘুরে দেখবেন। এরপর নিউইয়র্ক যাওয়ার পরিকল্পনা রয়েছে। সবশেষে আবার অস্ট্রেলিয়ার সিডনিতে ফিরবেন এই অভিনেত্রী।
যুক্তরাষ্ট্রে শাবনূরের বন্ধু ও পরিচিতজনের সংখ্যাও বেশ বড়। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী মৌসুমী এবং অভিনেতা অমিত হাসানের পরিবারের সদস্যরা। দেশটিতে গেলে তাদের সাথে দেখা করা, গল্প করা ও সময় কাটানোর সুযোগ পান তিনি। এসব কারণে যুক্তরাষ্ট্রে অবস্থানও উপভোগ করেন শাবনূর।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমেরিকায় এখন আমাদের অনেকে থাকে। মৌসুমী আপু, অমিত হাসানের পরিবারসহ আর অনেকে, তাই এখানে এলে মনেই হয় না, বাইরে কোথাও আছি। ঘুরি-ফিরি, আড্ডা দিই। সময়টা দারুণ কেটে যায়।’
চলতি বছরে এটি শাবনূরের দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। এবারের যাত্রায় ছেলেকে নিয়ে নতুন জায়গা দেখা, বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে সময় কাটানো এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়াই তার মূল পরিকল্পনা। লস অ্যাঞ্জেলেসে হলিউড ভ্রমণের আনন্দঘন অভিজ্ঞতার পর এখন লন্ডন ও নিউইয়র্ক ঘুরে দেখার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।


