...|...|...

রাজধানী

ছিনতাই করে স্বর্ণের দুল গিলে ফেলেন যুবক, বমি করিয়ে উদ্ধার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, রাত ১১:৩০ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:৩৩
Shares
ছিনতাই করে স্বর্ণের দুল গিলে ফেলেন যুবক, বমি করিয়ে উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময় মো. সেলিম (২৮) নামে এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে ছিনতাই করা দুলটি গিলে ফেলার কথা জানান তিনি। এরপর বমি করানোর মাধ্যমে তার পেট থেকে স্বর্ণের কানের দুলটি উদ্ধার করা হয়।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে যাত্রাবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দায়িত্ব পালনকালে এক নারীর চিৎকার শুনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা দেখতে পান, এক ব্যক্তি ছিনতাই করে দৌড়ে পালাচ্ছেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

আটকের পর সেলিমের দেহ তল্লাশি করে ছিনতাই করা স্বর্ণের কানের দুল পাওয়া যায়নি। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দুলটি গিলে ফেলার কথা জানান।

পরে বমি করানোর মাধ্যমে তার পেট থেকে ছিনতাই করা স্বর্ণের কানের দুলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক সেলিম ও ভুক্তভোগী নারীকে যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে।