...|...|...

সারাদেশ

ছাত্রশিবিরের নবীনবরণের দিনে কলেজ বন্ধ ঘোষণা, প্রতিবাদে সড়কেই অনুষ্ঠান আয়োজন

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, দুপুর ১২:০৮
Shares
ছাত্রশিবিরের নবীনবরণের দিনে কলেজ বন্ধ ঘোষণা, প্রতিবাদে সড়কেই অনুষ্ঠান আয়োজন

ছাত্রশিবিরের নবীনবরণের দিনে কলেজ বন্ধ ঘোষণা, প্রতিবাদে সড়কেই অনুষ্ঠান আয়োজন। ছবি: টাইমস টুডে

ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল-মিটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবির নবীনবরণ আয়োজন করে। তবে কলেজ কর্তৃপক্ষের ছুটির ঘোষণায় ক্যাম্পাসে নবীনবরণ করতে পারেনি শিবির। পরে কলেজের সামনের সড়ক আটকে প্রতিবাদ সভা ও সড়কেই নবীনবরণ সম্পন্ন করে শিবির। 

সড়কে ট্রাক থামিয়ে আয়োজিত প্রতিবাদ অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকরসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কলেজের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল ফ্যাসিবাদী আচরণ করেছে। নবীনবরণের অনুমতি দিয়েও তারা অনুষ্ঠানের দিন কলেজ বন্ধ করে প্রধান ফটকে তালা ঝুলিয়েছে। এ সময় বক্তারা, কলেজের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের পদত্যাগ দাবি করেন।

পরে ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে কেসি কলেজ শাখা ছাত্রশিবির। সেসময় ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।