...|...|...

শিক্ষা

চীনে মাস্টার্স-পিএইচডির সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক্ষার্থী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, সকাল ১১:৫৯ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, রাত ৯:৩৮
Shares
চীনে মাস্টার্স-পিএইচডির সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় আগামী কয়েক বছরে প্রায় ১০০ জন বাংলাদেশি শিক্ষার্থী মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে ভর্তির সুযোগ পাবেন।

রবিবার (২৮ জুন) চীনের তিয়ানজিনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সফরকালে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রতিনিধি দলে ইউজিসির পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়াও উপস্থিত ছিলেন। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতায় সই করেন বিশ্ববিদ্যালয়টির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মিং দং। এ সময় স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিন অধ্যাপক লিকিয়াং উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষক উন্নয়ন, বৃত্তি কর্মসূচি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং স্নাতকোত্তর পর্যায়ের যৌথ শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে দুই প্রতিষ্ঠান একসাথে কাজ করবে। পাশাপাশি প্রকৌশল, বিজ্ঞান, প্রযুক্তি, মানবিকসহ বিভিন্ন অগ্রাধিকারভিত্তিক বিষয়ে বাংলাদেশি শিক্ষক ও গবেষকদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ গড়ে তুলতে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কার্যকর অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ইউজিসি ও তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের যৌথ অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে যৌথ শিক্ষা কর্মসূচি চালুরও প্রস্তাব দেন।

তিনি আরও জানান, দেশের প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে ইউজিসির। এ উদ্যোগ বাস্তবায়নে তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা, দক্ষ শিক্ষক, পাঠ্যক্রম উন্নয়ন এবং একাডেমিক সহায়তা কামনা করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠারও প্রস্তাব দেন, যাতে গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি স্থানান্তর ও সক্ষমতা উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হয়।

তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মিং দং বাংলাদেশের সাথে উচ্চশিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন এবং ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে স্বাগত জানাতে তারা আগ্রহী।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকে স্নাতকোত্তর শিক্ষা, যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণাগার স্থাপন, চীনা ভাষা শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার একটি বিস্তৃত কাঠামো নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এই অংশীদারত্ব বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন, গবেষণার উৎকর্ষ এবং উদ্ভাবন কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। একই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পর এ উদ্যোগ দুই দেশের শিক্ষা ও গবেষণা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।