...|...|...

জাতীয়

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত: তথ্য উপদেষ্টা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, দুপুর ২:৫০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৩৯
Shares
চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ।  

মঙ্গলবার (২৫ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এই যুদ্ধবিমানের সাম্প্রতিক কার্যকারিতা ও সক্ষমতার বিষয়টি স্পষ্ট। ভারতের সাথে সাম্প্রতিক উত্তেজনার সময়ে চীন নির্মিত জে-১০ যুদ্ধবিমান রাফালের বিরুদ্ধে লড়াইয়ে দুর্দান্ত পারফর্ম করেছে বলে তথ্য প্রমাণিত হয়েছে।

৪.৫ প্রজন্মের অত্যন্ত উন্নত যুদ্ধবিমান হিসেবে বিবেচিত রাফাল বা ইউরোফাইটারের মতো ইউরোপীয় বিকল্পগুলোর তুলনায় এসব চাইনিজ যুদ্ধবিমান অনেক বেশি সাশ্রয়ী ও কার্যকর। জনগণের সার্বিক প্রতিরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার এ বিষয়ে অগ্রগতির দিকে নজর রাখছে।

সংবাদ সম্মেলনে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থান ও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা বলেন তিনি।

ছাত্র-জনতার এই অর্জনকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা করার প্রবণতাকে অহেতুক উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান জানান, এটিকে তারা ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে দেখেন না। ১৯৭১ সালের গৌরবময় ইতিহাসের সাথে ২০২৪ সালের ঘটনাকে একই পাল্লায় মাপা চরম অনভিপ্রেত কাজ।

তবে ‘স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার’ প্রাতিষ্ঠানিক সুযোগ তৈরির জায়গা থেকে তিনি কথাটি স্পষ্ট করেন। তিনি বলেন, অতীতে বাংলাদেশ নিজেদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বাস্তবায়নে কৌশলগত সিদ্ধান্ত স্বাধীনভাবে নেওয়ার সুযোগ পেত না। আগে রাষ্ট্র হিসেবে নিজের প্রতিরক্ষার প্রয়োজনে জে-১০ যুদ্ধবিমানের মতো সামরিক সরঞ্জাম ক্রয়ের আলোচনা উন্মুক্তভাবে শুরু করার স্বাধীনতাও অবরুদ্ধ ছিল। সেই সার্বভৌম সিদ্ধান্ত নিতে পারার সক্ষমতা অর্জনকেই তিনি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করছেন।