...|...|...

রাজনীতি

চিফ হুইপের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, নিন্দা জামায়াতের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, রাত ৮:৫৩
Shares
চিফ হুইপের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, নিন্দা জামায়াতের

ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট এলাকায় উন্নয়নকাজ না করার বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এ ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকারকে প্রভাবিত করতে পারে।

শনিবার (১৭ অক্টোবর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে জুবায়ের বলেন, গত ১৫ অক্টোবর বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে বিএনপির একটি দলীয় কর্মীসভায় নূরুল ইসলাম মনি বক্তব্য দেন। সেখানে বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে উন্নয়নকাজ করা হবে না বলে তিনি মন্তব্য করেছেন বলে দাবি করেন জামায়াতের এই নেতা।

এহসানুল মাহবুব জুবায়েরের ভাষ্য, একজন সংসদ সদস্যের এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং সংসদ সদস্য হিসেবে নেওয়া শপথের সাথে সাংঘর্ষিক। তিনি এ বক্তব্যের নিন্দা জানিয়ে প্রতিবাদ করেন।

জামায়াতের এই নেতা আরও বলেন, দলীয় প্রার্থী নির্বাচিত না হলে সংশ্লিষ্ট ইউনিয়নের মানুষ উন্নয়নকাজ থেকে বঞ্চিত হবেন-এমন বক্তব্য স্থানীয় সরকার ব্যবস্থায় হস্তক্ষেপের হুমকি এবং নির্বাচনে ভোটারদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে চাপ তৈরির শামিল। তার দাবি, এ ধরনের বক্তব্য স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির সাথেও সাংঘর্ষিক হতে পারে।

বিবৃতিতে জুবায়ের বর্তমান সরকারের কয়েকজন সংসদ সদস্য ও মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। তার অভিযোগ, এ ধরনের মন্তব্য দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে এবং নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে উদ্বেগ তৈরি করে।

তিনি বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল বক্তব্য ও কর্মকাণ্ড নিশ্চিত করার আহ্বান জানান তিনি।