বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে। এ কমিটির মাধ্যমেই পরিবহন খাত ঘিরে মাফিয়াবৃত্তির অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রিজভী। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নতুন-নতুন আইডিয়ার মাধ্যমে পরিবহন খাত ঢেলে সাজানো হবে। এছাড়া, দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে এই খাতকে আইনসঙ্গত করা ও যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।
এছাড়া রিজভী বলেন, সড়ক পরিবহন খাতকে ঘিরে যে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ রয়েছে, তা দূর করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। নতুন নেতৃত্ব এ ক্ষেত্রে পরিবর্তন আনতে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সাধারণ যাত্রীদের সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে।


