...|...|...

সারাদেশ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল নারীর

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:১৯
Shares
চাঁদপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল নারীর

চাঁদপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল নারীর। ছবি: টাইমস টুডে

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাইসহ আরও দুজন আহত হয়েছেন। নিহত নারীর নাম মাহিনুর বেগম ( ৩৭)।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে সড়কের চাঁদপুর সদরের দেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহীনুর বেগম হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের রাধাসা গ্রামের মৃত পনু মিয়ার মেয়ে এবং সদরের তরপুরচন্ডীর নাছির তপদারের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে তার ছোট ভাই মো. ইউনুছ (২৮) রয়েছেন। অপর আহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুরগামী একটি সিএনজিচালিত একটি অটোরিক্সা দেবপুর এলাকায় পৌঁছানোর পর, বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী দ্রুতগতির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মাহীনুর বেগমের মৃত্যু হয়। এছাড়া তার ভাইসহ দুজন আহত হন।

নিহত মাহিনুরের স্বজনরা জানান, কাল সোমবার মাহিনুরের প্রবাস ফেরত ছোট ভাইয়ের বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের কেনাকাটা করতে দুপুরে ছোট ভাইকে নিয়ে চাঁদপুর শহরে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হলেও অটোরিক্সার চালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। এছাড়া ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।