চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় স্বাক্ষরে অসঙ্গতি ধরা পড়ায় আব্দুর রহমান নামে এক প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরে এ পরীক্ষা চলাকালে তার স্বাক্ষর নিয়ে দায়িত্বপ্রাপ্তদের সন্দেহ হয়। পরীক্ষার সময় দেওয়া স্বাক্ষরের সাথে
সংশ্লিষ্ট নথিতে থাকা স্বাক্ষরের অমিল দেখতে পেয়ে তাকে অন্য প্রার্থীদের থেকে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করতে পরে তার নিয়োগসংক্রান্ত ফাইলসহ প্রয়োজনীয় নথি যাচাই করেন সংশ্লিষ্টরা। নথি পর্যালোচনার পর তাকে কক্ষে ডেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে স্বাক্ষরের অমিলের বিষয়টি নিশ্চিত হলে তাকে পরীক্ষা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ১১ থেকে ১৬তম গ্রেডের কর্মচারী নিয়োগের আওতায় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের কম্পিউটার ল্যাব সহকারী পদে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। একটি শূন্য পদের বিপরীতে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১৭ জন প্রার্থীর মধ্যে ১২ জন অংশ নেন।
চবি রেজিস্ট্রার মো. হাছান মিয়া গণমাধ্যমকে বলেন, আমরা পরীক্ষার হলে তার স্বাক্ষরের মিল না পেয়ে তাকে অবজারভেশনে রাখি। কিছুক্ষণ পর তার ফাইল স্টাডি করে তাকে রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার স্বাক্ষরের অমিল থাকার কারণে তাকে বহিষ্কার করা হয়।


