...|...|...

সারাদেশ

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চার স্তরের নিরাপত্তাবলয়

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪:০১
Shares
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চার স্তরের নিরাপত্তাবলয়

এসআরবি-৭ চট্টগ্রাম-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান। ছবি: টাইমস টুডে

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর ধূপের সৌরভে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিন মহাসপ্তমী।

শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকেই চট্টগ্রাম নগরীর প্রতিটি পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরে এসআরবি-৭ চট্টগ্রাম-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের সাথে কথা বলেন। 

এদিকে এই উৎসবমুখর আবহেই আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চট্টগ্রাম সফর কেন্দ্র করে পুরো অঞ্চলজুড়ে জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম নগর ও জেলাজুড়ে চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ, এপিবিএন (এসআরবি), আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, গুজব ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

পূজা উদ্‌যাপনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে মঙ্গলবার চট্টগ্রাম পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জে এম সেন হল পূজামণ্ডপ সরেজমিন পরিদর্শন করেন সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে এসআরবি-৭ চট্টগ্রাম-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম সফরে এসে জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সফরটি নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর নির্দেশনা ও সমন্বয়ে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও কড়া নজরদারি রাখা হচ্ছে।

এদিকে একই দিন সকালে জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যান চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্ল্যাহ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোশতাক আলী।

সিএমপি কমিশনার জানান, পূজা উদ্‌যাপন কমিটির সাথে সম্পূর্ণ সমন্বয় করে সিএমপি ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার যৌথ উদ্যোগে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা আশা প্রকাশ করেছেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসবের বাকি দিনগুলো এবং প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর সম্পন্ন হবে।