...|...|...

আবহাওয়া

ঘূর্ণিঝড় আকভানের সর্বশেষ অবস্থান, আঘাত হানবে কখন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, সকাল ১০:০৬
Shares
ঘূর্ণিঝড় আকভানের সর্বশেষ অবস্থান, আঘাত হানবে কখন

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্যাঞ্চল থেকে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’। অগ্রসর হওয়ার পাশাপাশি পরিবর্তন এসেছে ঘূর্ণিঝড়টির গতিপথেও।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি।

কলকাতার আলিপুর আবহাওয়া দফতরের কর্মকর্তা ড. হাবিবুর রহমান বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। ভারতের আবহাওয়া অধিদফতরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে আকভান। শুক্রবার দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশের নরসাপুর ও ওড়িশা উপকূলের মধ্যবর্তী এলাকায় এটি আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়েও বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট রাজ্যগুলোতে আগাম সতর্কতা জারি করা হয়েছে।

আইএমডির তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২১ কিলোমিটার গতিতে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। তখন এর কেন্দ্র কলিঙ্গপত্তনম থেকে প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং গোপালপুর থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম ও বিজয়নগরম জেলায় সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়া পার্বতীপুরম মান্যম, আলুরি সীতারাম রাজু ও অনাকাপল্লি জেলায় অরেঞ্জ অ্যালার্ট এবং কাকিনাড়া জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর।

অন্যদিকে, ওড়িশার গঞ্জাম, গজপতি, পুরী, জগৎসিংপুর, কেন্দ্রাপাড়া ও কন্ধমাল জেলায় তিন দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধার ও জরুরি সেবা নিশ্চিত করতে ৩০০টির বেশি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

এদিকে, শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঘূর্ণিঝড়সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তির ২০ নম্বর বুলেটিনে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। মধ্যরাতে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৯৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। তবে ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা নেই। এর প্রভাবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে দেশের আকাশ মেঘলা রয়েছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে হালকা বৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলেও ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।