...|...|...

ধর্ম

গোসল ছাড়া জুমার নামাজ আদায় নিয়ে হাদিসে যা আছে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৫
Shares
গোসল ছাড়া জুমার নামাজ আদায় নিয়ে হাদিসে যা আছে

ছবি: সংগৃহীত

সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার। মুসলমানদের কাছে দিনটি বিশেষ মর্যাদা ও গুরুত্বের। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়। এ দিনের বিশেষ ইবাদতগুলোর মধ্যে রয়েছে জুমার নামাজ। পবিত্র কুরআনের সুরা জুমায় এ দিনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়েছে।

আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচাকেনা বর্জন করো। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে।’ (সুরা জুমা, আয়াত: ৯)

জুমার নামাজের গুরুত্বের পাশাপাশি এ দিন গোসল করার বিষয়েও রাসুলুল্লাহ (সা.) বিশেষ নির্দেশনা দিয়েছেন। তবে অনেকের মনে প্রশ্ন থাকে, কোনো কারণে জুমার দিন গোসল করা সম্ভব না হলে কি জুমার নামাজ আদায় হবে? এ বিষয়ে হাদিসে কী বলা হয়েছে, তা নিয়ে রয়েছে বিভিন্ন ব্যাখ্যা।

জুমাবারের বিশেষ মর্যাদা

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সূর্য উদয়ের দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমাবার। এ দিনেই আদমকে (আ.) সৃষ্টি করা হয়, তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং সেখান থেকে বের করা হয়। আর কিয়ামতও সংঘটিত হবে জুমার দিনেই। (সহিহ মুসলিম, হাদিস: ১৮৫০)

ইসলামে জুমার নামাজের গুরুত্ব এতটাই বেশি যে শরিয়তসম্মত কারণ ছাড়া তা পরিত্যাগ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

আবুল জা'দ আয-যামরী (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি অবহেলা করে পরপর তিন জুমা পরিত্যাগ করে, আল্লাহ তার হৃদয়ে মোহর মেরে দেন। (সুনান আত-তিরমিজি, হাদিস: ৫০০)

অন্য একটি হাদিসে আবদুল্লাহ ইবনু উমর ও আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে, তারা দুজন রাসুলুল্লাহ (সা.)-কে মিম্বরের সিঁড়িতে বলতে শুনেছেন, যারা জুমা পরিত্যাগ করে, তাদের এ কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। অন্যথায় মহান আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেবেন। ফলে তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। (সহিহ মুসলিম, হাদিস: ১৮৭৫)

জুমার দিন গোসলের গুরুত্ব

জুমার দিনের প্রস্তুতি হিসেবে গোসল, মিসওয়াক, সুগন্ধি ব্যবহার এবং পরিচ্ছন্ন পোশাক পরিধানের ওপর হাদিসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সালমান ফারসী (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং যথাসম্ভব উত্তমরূপে পবিত্রতা অর্জন করে, এরপর তেল মেখে নেয় অথবা সুগন্ধি ব্যবহার করে, তারপর মসজিদে যায়, আর দুজনের মধ্যে ফাঁক করে না এবং তার ভাগ্যে নির্ধারিত পরিমাণ সালাত (নামাজ) আদায় করে। আর ইমাম যখন (খুতবার জন্য) বের হন তখন চুপ থাকে। তার এ জুমা এবং পরবর্তী জুমার মধ্যবর্তী যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হয়। (সহিহ বুখারি, হাদিস: ৮৬৪)

এ ছাড়া জুমার নামাজে অংশগ্রহণকারীদের গোসল করার বিষয়ে সরাসরি নির্দেশনাও রয়েছে হাদিসে।

সালিম (রহ.) তার বাবা আবদুল্লাহ ইবনু উমর (রা.)-এর সূত্রে বর্ণনা করেন, তিনি নবীজিকে (সা.) বলতে শুনেছেন, যে ব্যক্তি জুমায় উপস্থিত হবে, সে যেন গোসল করে নেয়। (সুনান আত-তিরমিজি, হাদিস: ৪৯২)

আবদুল্লাহ ইবনু উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের মধ্যে কেউ জুমার সালাতে আসলে (তার আগে) সে যেন গোসল করে। (সহিহ বুখারি, হাদিস: ৮৩৩, ৮৫১)

জুমার দিনে গোসলের গুরুত্ব বোঝাতে হজরত উমর (রা.)-এর একটি ঘটনাও হাদিসে উল্লেখ রয়েছে।

একবার উমর ইবনুল খাত্তাব (রা.) জুমার দিন খুতবা দিচ্ছিলেন। ওই সময় জনৈক এক সাহাবি মসজিদে প্রবেশ করেন। তখন তিনি তাকে জিজ্ঞাসা করেন, এখন কয়টা? জবাবে ওই সাহাবি বলেন, এই তো কেবল আজানের আওয়াজ শুনতে পেলাম। ওজু ছাড়া আর অতিরিক্ত কিছু করিনি। তখন উমর (রা.) বলেন, কেবল ওজু; অথচ আপনি জানেন যে, রাসুল (সা.) তো গোসল করার নির্দেশ দিয়েছেন। (সুনান আত-তিরমিজি, হাদিস: ৪৯৪)

গোসল ছাড়া জুমার নামাজ আদায় হবে কি?

হাদিসগুলোতে জুমার দিন গোসলের বিশেষ গুরুত্ব ও ফজিলত স্পষ্টভাবে উঠে এসেছে। তবে গোসল ছাড়া জুমার নামাজ আদায় করা যাবে কি না, এ বিষয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে।

অধিকাংশ আলেমের মতে, জুমার দিন গোসল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত। তাই নামাজে যাওয়ার আগে গোসল করে নেওয়াই উত্তম। তবে কারও ওপর গোসল ফরজ না থাকলে এবং কোনো কারণে তিনি জুমার দিন গোসল করতে না পারলে, অজু করে জুমার নামাজ আদায় করলে তার নামাজ হয়ে যাবে।

অন্য একদল আলেমের ব্যাখ্যা হলো, রাসুলুল্লাহ (সা.)-এর সময়ে মদিনার লোকজন সকাল থেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন। সে সময় মানুষের পরিচ্ছন্নতা ও পরিবেশগত পরিস্থিতি বিবেচনায় জুমার দিন গোসলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল।

সুতরাং গোসল করা সম্ভব হলে জুমার নামাজের আগে গোসল করে নেওয়াই উত্তম। আর গোসল ফরজ না থাকা অবস্থায় গোসল করতে না পারলেও অজু করে জুমার নামাজ আদায় করা যাবে। তবে এ ক্ষেত্রে জুমার দিনের গোসলের বিশেষ সুন্নত ও ফজিলত থেকে বঞ্চিত হতে হবে।