...|...|...

সারাদেশ

গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র অন্য জেলায়

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৪ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৬
Shares
গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র অন্য জেলায়

ছবি: সংগৃহীত

পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা গোপালগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে না। জেলার নির্ধারিত পরীক্ষাকেন্দ্রগুলো সরিয়ে পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জের পরীক্ষার্থীদের চারটি নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।

রবিবার (২৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বোর্ডের চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় জেলার নির্ধারিত কেন্দ্রগুলোর পরীক্ষা মাদারীপুরের রাজৈর এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নেওয়া হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জের চারটি প্রধান কেন্দ্রের পরীক্ষার্থীদের মাদারীপুরের রাজৈর উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা দিতে হবে।

এর মধ্যে গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজ। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন সরকারি রাজৈর কলেজে।

অন্যদিকে, টুঙ্গিপাড়া বাঘিয়াঘাট স্কুল অ্যান্ড কলেজ এবং মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের আসন নির্ধারণ করা হয়েছে রাজৈরের শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।

এদিকে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে যেতে হবে ফরিদপুরের আলফাডাঙ্গায়। তাদের জন্য নির্ধারণ করা হয়েছে আলফাডাঙ্গা সরকারি কলেজ।

কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। নতুন কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সাথে নতুন কেন্দ্রগুলোতে আসন বিন্যাসসহ আনুষঙ্গিক প্রস্তুতিও নেওয়া হচ্ছে।