...|...|...

সারাদেশ

গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ৯:৩৫ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, রাত ৯:৪০
Shares
গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন

গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। একই দিন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। একপর্যায়ে তারা থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান বিক্ষুব্ধ ব্যক্তিরা। এ সময় গ্রেফতার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। পরে থানার ভেতরে পুলিশ সদস্যদের ওপর হামলা ও মারধর করা হয়।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে থানার ভেতরে এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর করছেন। একপর্যায়ে ওই সদস্যের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিতেও দেখা যায় তাদের। এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে গালিগালাজ করতে শোনা যায়। পরে পুলিশ সদস্যদের থাকার জায়গায় আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেওয়া হয়।

এর আগে টুঙ্গিপাড়ায় দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দফায় পুলিশ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় উত্তেজনা বিরাজ করছে।