বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন এনে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’-এর সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের শার্টের রং গাঢ় নীল এবং ট্রাউজারের রং খাকি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মহানগর পুলিশের সদস্যরা লাইট অলিভ রঙের শার্ট পরবেন।
বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এ সংশোধনী প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল রঙের টিসি (সাধারণ বুননের) কাপড়ের শার্ট নির্ধারণ করা হয়েছে। একই সাথে কফি রঙের ট্রাউজারের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার ব্যবহার করা হবে। মহানগর পুলিশের ক্ষেত্রে শার্টের রং হবে লাইট অলিভ।
এছাড়া পূর্বে নির্ধারিত আয়রন রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের পরিবর্তে গাঢ় নীল রঙের এসব পোশাক ব্যবহার করা হবে। তবে মহানগর পুলিশের জ্যাকেটের রং ও লাইট অলিভ নির্ধারণ করা হয়েছে।
নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। মহানগর পুলিশের নারী সদস্যরা গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ রঙের ব্লাউজ পরবেন। পাশাপাশি অনুমোদিত গাঢ় নীল রঙের হেড কভার ব্যবহারের বিধান রাখা হয়েছে।


