...|...|...

সারাদেশ

গাজীপুরে শতাধিক কারখানা ছুটি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:০০
Shares
গাজীপুরে শতাধিক কারখানা ছুটি

ছবি: সংগৃহীত

গাজীপুরে শ্রমিক আন্দোলনের জেরে দুই মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ এদিকে পরিস্থিতি বিবেচনায় গাজীপুরে ৭০ টি কারখানা ছুটি দিয়েছে৷ এছাড়াও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৩২ টি কারখানা। 

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকেই গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ করে শ্রমিকরা। বেশ কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। কিছু এলাকায় টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়৷ 

মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ দেখা দেয় ৷

সকালে মহানগরীর ইসলাম গার্মেন্টসে একজন শ্রমিক মৃত্যুর গুজব উঠে৷ এরপর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করে। পরে ওই গার্মেন্টস ও আশপাশের বেশ কয়েকটি কারখানার সাধারণ ছুটি দেওয়া হয়৷ এরপরই মৌচাক তেলিরচালা এলাকায় অবরোধ করে শ্রমিকরা। একই অবস্থা গাজীপুরের সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানায় কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা। একই সময় পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা। পরে শ্রমিকদের পুলিশ ছত্রভঙ্গ করে দেয়৷ তবে বেলা পৌনে ১২ টার দিকে গাজীপুরের ভোগরা বাইপাস, চৌরাস্তা এলাকায় শ্রমিকরা পূনরায় অবরোধ করেছে৷ এতে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানচলাচল বন্ধ রয়েছে। 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ‘শ্রমিক বিক্ষোভের কারণে আজকের জন্য ৭০ টি কারখানা ছুটি দেওয়া হয়েছে। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য ৩২ টি কারখানা বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।’