গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন একটি কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরের কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় নতুন করে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে বেশ কয়েকজন শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে গাজীপুরের কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে। যেকোনো সময় পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এ ছাড়া সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ বেশ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলায় শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে, উৎপাদন স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।


