গাজীপুর মহানগরীর ডেগের চালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনে আগুন লেগেছে। শনিবার (৩ অক্টোবর) বেলা ৩টার দিকে ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ৩টার দিকে কারখানার আটতলা ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পান তারা। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সব মিলিয়ে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. হিরন মিয়া বলেন, ‘আমাদের তিনটি ইউনিট কাজ করছে। পরে গাজীপুর, রাজেন্দ্রপুর ও কোনাবাড়ী থেকেও ইউনিট এসেছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।’


