গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফেলান উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির ১৬ শতক জমি নিয়ে কয়েক মাস ধরে মকবুল হোসেনের সাথে একই গ্রামের শাহাবুদ্দিন মিয়ার বিরোধ চলছিল। বিরোধ মেটাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধুবনী পুলিশ তদন্ত কেন্দ্রে সালিসও হয়। তবে তাতে কোনো মীমাংসা হয়নি।
অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ি ফেরার পথে মকবুল হোসেনের ওপর হামলা চালানো হয়। দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এতে কয়েকজন আহত হন। আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা ও কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখান থেকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেন তারা। এ সময় লাঠিসোঁটা, ধারালো ছোরা ও শাবল উদ্ধার করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’


