...|...|...

রাজধানী

গভীররাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪৯
Shares
গভীররাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২

গভীররাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আগারগাঁও লিংক রোডে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি পরে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান সাংবাদিকদের বলেন, রাত সোয়া ১টার দিকে দুই মোটরসাইকেল আরোহী সেখানে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তারা আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে দুটি ককটেল নিক্ষেপ করে চলে যান।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তি আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে গেছেন।

ইবনে মিজান আরও জানান, ঘটনার পরপরই পুলিশ কাজ শুরু করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। রাতে দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে সব ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি। সকালে প্রতিষ্ঠানগুলো খুললে ফুটেজ সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিস্ফোরিত না হওয়া ককটেলটি পরীক্ষা করে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা কোনো স্প্লিন্টার বা ক্ষতিকর উপাদান পাননি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দুর্বৃত্তরা মূল সড়ক এড়িয়ে লিংক রোড ব্যবহার করে এসে ককটেল নিক্ষেপ করে চলে যায়। মূল সড়ককে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা থাকলেও তারা বিকল্প পথ ব্যবহার করেছে।

ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে ইবনে মিজান বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।