...|...|...

সারাদেশ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, রাত ১১:৪৩
Shares
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

নিহত মো. জাকির হোসেন।

খুলনার রূপসা উপজেলায় মো. জাকির হোসেন (৪৩) নামের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকায় হীরকের দোকানে বসে স্থানীয় লোকজনের সাথে কথা বলছিলেন জাকির হোসেন। এ সময় মোটরসাইকেলে আসা এক যুবক আকস্মিকভাবে তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে ওই যুবক দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান।

নিহত জাকির হোসেন রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য। তিনি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাইদের বড় ভাই।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুম খান টাইমস টুডেকে বলেন, ফকিরহাট ও রূপসা থানার মাঝামাঝি এলাকায় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সাথে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।