...|...|...

সারাদেশ

খুলনায় এআই ও আধুনিক নিউজরুম ব্যবস্থাপনায় সাংবাদিকদের প্রশিক্ষণ

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৫
Shares
খুলনায় এআই ও আধুনিক নিউজরুম ব্যবস্থাপনায় সাংবাদিকদের প্রশিক্ষণ

ছবি: টাইমস টুডে

সংবাদ সম্পাদনায় নেতৃত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার এবং আধুনিক নিউজরুম ব্যবস্থাপনায় সাংবাদিকদের দক্ষতা বাড়াতে খুলনায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা মহানগরের হোটেল নগরের কনফারেন্স রুমে ‘অ্যাডভান্সড ডিজিটাল জার্নালিজম: এডিটোরিয়াল লিডারশিপ, এআই অ্যান্ড নিউজরুম স্ট্র্যাটেজি’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইয়োর প্রোমো বিডির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষণ দেন ডিজিটাল মিডিয়া ও এআই প্রশিক্ষক অমৃত মলঙ্গী। এতে ২২ জন তরুণ সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় ডিজিটাল সাংবাদিকতার পরিবর্তিত ধারা, সম্পাদকীয় নেতৃত্ব, সংবাদ তৈরিতে এআইয়ের ব্যবহার, তথ্য যাচাই এবং আধুনিক নিউজরুম পরিচালনার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রযুক্তির সহায়তায় দ্রুত সংবাদ তৈরি ও সম্পাদনার পাশাপাশি সংবাদে নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণে এআইনির্ভর সংবাদ উৎপাদনের সম্ভাবনা ও সীমাবদ্ধতা তুলে ধরা হয়। একই সাথে প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে সাংবাদিকতার নিজস্ব বিচারবোধ, তথ্যের সত্যতা যাচাই এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার বিষয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষক অমৃত মলঙ্গী আধুনিক ডিজিটাল প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং পরিবর্তনশীল গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের প্রস্তুত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তার প্রশিক্ষণে সংবাদ উৎপাদন প্রক্রিয়া আরও কার্যকর করা, সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণ এবং নিউজরুমের কাজের কৌশল উন্নয়নের বিষয়গুলো স্থান পায়।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান শফিক এবং দৈনিক খুলনা গেজেটের চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন। এ ছাড়া প্রশিক্ষক অমৃত মলঙ্গী ও ইয়োর প্রোমো বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হাসানুর রহমান তানজির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওভারসিজ এডুকেয়ারের স্বত্বাধিকারী শাহ আরাফাত রাহিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

আয়োজকদের মতে, প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের বর্তমান বাস্তবতায় সাংবাদিকদের শুধু সংবাদ সংগ্রহ ও পরিবেশন করলেই চলবে না; বরং সংবাদ সম্পাদনা, সম্পাদকীয় নেতৃত্ব, এআইয়ের দায়িত্বশীল ব্যবহার এবং আধুনিক নিউজরুম ব্যবস্থাপনায়ও দক্ষতা অর্জন করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।