...|...|...

চাকরি

খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩ পদ শূন্য, দ্রুত নিয়োগের সুপারিশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, রাত ১০:৫৭
Shares
খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩ পদ শূন্য, দ্রুত নিয়োগের সুপারিশ

ছবি: সংগৃহীত

খাদ্য মন্ত্রণালয় ও এর অধীনস্থ দফতর-সংস্থাগুলোতে খালি থাকা ৬ হাজার ৬৫৩টি পদে দ্রুত নিয়োগ দিয়ে জনবল সংকট কাটানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সাথে আউটসোর্সিং প্রক্রিয়া বন্ধ করে স্থায়ী নিয়োগের তাগিদ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টু।

বৈঠকে খাদ্য সুরক্ষার পাশাপাশি অপরিকল্পিত নগরায়ণের ফলে আবাদি জমি কমে যাওয়া রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়। ওপেন মার্কেট সেল (ওএমএস) ও খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বচ্ছতা আনতে নতুন ডিলার নিয়োগ নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও জানানো হয়।

খাদ্যে ভেজাল প্রতিরোধের বিষয়ে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বৈঠকে জানান, শিশুখাদ্যসহ সব ধরনের খাদ্যের মান নিয়ন্ত্রণে আইনি কঠোরতা বাড়ানো হচ্ছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে শক্তিশালী করতে প্রতিটি কার্যালয়ে মিনি ল্যাবরেটরি স্থাপন এবং খাদ্যে ভেজাল পর্যবেক্ষণে মোবাইল ভ্যান চালুর কাজ চলমান রয়েছে।

কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টু বলেন, 'নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য মানুষের মৌলিক অধিকার। খাদ্য সরবরাহ কার্যক্রমে প্রকৃত উপকারভোগী নির্ধারণে ডিজিটাল পদ্ধতি অনুসরণ করতে হবে।'

বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানমসহ সংসদীয় কমিটির সদস্য এবং খাদ্য মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।