নতুন মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’র দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ২০২৬-২৭ লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা প্রথমবার মুখোমুখি হবে অক্টোবরেই। দুই দলের দুর্দান্ত শুরুর কারণে বহুল প্রতীক্ষিত এই লড়াই নিয়ে এরই মধ্যে ফুটবলপ্রেমীদের আগ্রহ বাড়তে শুরু করেছে।
আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বার্সেলোনার ক্যাম্প ন্যুতে। লা লিগা কর্তৃপক্ষ এরই মধ্যে প্রথম এল ক্লাসিকোর চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে।
গত মৌসুমে তিনবার একে অপরের বিপক্ষে খেলেছিল দুই জায়ান্ট। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছিল বার্সেলোনা, আর একটিতে জিতেছিল রিয়াল। লা লিগায় প্রথম দেখায় কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল রিয়াল।
পরের লিগ ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। মার্কাশ রাশফোর্ড ও ফেরান তোরেসের গোলে ২-০ ব্যবধানে রিয়ালকে হারিয়ে আগের হারের জবাব দেয় কাতালানরা।
এ ছাড়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সৌদি আরবের জেদ্দায় হওয়া সেই রোমাঞ্চকর ম্যাচে রাফিনিয়ার জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। তীব্র প্রতিদ্বন্দ্বিতার সেই ম্যাচ জিতে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলে তারা।
চলতি লা লিগা মৌসুমেও দারুণ ছন্দে রয়েছে দুই দল। এখন পর্যন্ত রিয়াল ও বার্সেলোনা দুই দলই নিজেদের তিন ম্যাচের সবকটিতে জয় পেয়েছে। তবে গোল ব্যবধানে এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা।
দুই দলের এমন দুর্দান্ত শুরুর পর ২৫ অক্টোবরের এল ক্লাসিকো ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। ক্যাম্প ন্যুর মাটিতে কে হাসবে শেষ হাসি, সেটিই এখন দেখার অপেক্ষা।


