...|...|...

খেলা

ক্যাম্প ছাড়ার ঘটনায় রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫৬
Shares
ক্যাম্প ছাড়ার ঘটনায় রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় শাস্তির মুখে পড়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কোচের সাথে মনোমালিন্যের জেরে ক্যাম্প ত্যাগের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। বাংলাদেশি মুদ্রায় জরিমানার পরিমাণ প্রায় ৩৫ হাজার ৩০০ টাকা।

সোমবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে পর্তুগাল ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল জানায়, ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে নরওয়ের বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসে ছিলেন রোনালদো। এরপর কোচ জর্জ জেসুস তার ভূমিকা নিয়ে দুবার প্রতিশ্রুতি দিয়েও তা রাখেননি বলে অভিযোগ করেন তিনি। এর জের ধরে ডেনমার্কের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচের আগে কোপেনহেগেনে পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান এই তারকা।

তবে রোনালদোর সাথে কোনো সমঝোতা হয়েছে বলে অস্বীকার করেছেন কোচ জর্জ জেসুস। পরে অবশ্য তিনি জানান, জাতীয় দলে রোনালদোর ফেরার সুযোগ রয়েছে।

নরওয়ের বিপক্ষে ম্যাচের পর সমর্থকদের অভিবাদন না জানানো এবং সতীর্থদের রেখে চলে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছিলেন রোনালদো। একই সাথে তিনি জানিয়েছিলেন, এ ঘটনার জন্য যে শাস্তিই আসুক, তা মেনে নিয়ে আবার জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুত আছেন।

ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিলের ভাষ্য, রোনালদো ইচ্ছাকৃতভাবে সংস্থাটির শৃঙ্খলাবিধি লঙ্ঘন করেছেন। তবে বিবৃতিতে নিষেধাজ্ঞাটি ঠিক কোন কোন ম্যাচ বা কার্যক্রমে কার্যকর হবে, তা স্পষ্ট করা হয়নি। পাশাপাশি অস্থায়ী নিষেধাজ্ঞার সময় ইতোমধ্যে পার হয়ে থাকলে তা ৩০ দিনের শাস্তির মেয়াদ থেকে বাদ যাবে কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা জানিয়েছেন, বিষয়টির সমাধান হলে ফেডারেশনের সবাই রোনালদোকে আবার জাতীয় দলে দেখতে চান। আগামী ১৫ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে পর্তুগালের। তবে নিষেধাজ্ঞার কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত স্পষ্ট না হওয়ায় ওই ম্যাচে রোনালদোর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।