...|...|...

ক্যাম্পাস

ক্যাম্পাসগুলোতে শিবিরের কার্যক্রম করলেই ভিসি-প্রো-ভিসি অনুপস্থিত: শিবির সভাপতি

রাবি প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:১৮
Shares
ক্যাম্পাসগুলোতে শিবিরের কার্যক্রম করলেই ভিসি-প্রো-ভিসি অনুপস্থিত: শিবির সভাপতি

নূরুল ইসলাম সাদ্দাম। ছবি: টাইমস টুডে

ক্যাম্পাসগুলোতে ছাত্রশিবিরের শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের দিনেই ভিসি-প্রো-ভিসির ‘ঢাকায় কাজ থাকে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাবি ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আজ ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে সেই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সভাপতি (ভিসি) ও সহ-সভাপতি (প্রো-ভিসি) নেই। আমরা পূর্বেও দেখেছি, ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব কার্যক্রম করলেই ভিসি-প্রো-ভিসি অনুপস্থিত থাকেন।’

তিনি আরও বলেন, ‘পূর্বে আমরা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে নবীনবরণ অনুষ্ঠান করতাম। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্যাম্পাসগুলোতে তখন আমাদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। নবীনবরণ করার জন্য আমাদের ভাইয়েরা শহীদ হওয়ার ইতিহাসও রয়েছে। আর বর্তমানে আমরা দেখছি, প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আমাদের কার্যক্রমগুলোকে ভালোভাবে নিচ্ছেন না। আমরা পূর্বেই আমাদের সময়সূচি জানিয়ে দিই। তারপরও যেদিন অনুষ্ঠান, ঠিক সেদিনই তাদের ঢাকায় কাজ থাকে।’

অনুষ্ঠানে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘তোমরা একটি কঠিন ভর্তি যুদ্ধের মাধ্যমে এখানে এসেছো। এখানে ভালো পথ যেমন আছে, তেমনই খারাপ পথও আছে। আশা করছি, তোমরা সঠিক পথে চলবে এবং তোমাদের সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম (এমপি)। বিশেষ অতিথি ছিলেন নূরুল ইসলাম বুলবুল (এমপি) ও ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি)।

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইমাজ উদ্দীন মন্ডল, আজিজুর রহমান আজাদ, মাহমুদুল হাসান, ইমরান নাজির, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং রাবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। অনুষ্ঠানে প্রায় সাড়ে তিন হাজার নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।