কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পর ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কয়েকজন অচেতন হয়ে পড়লে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) ফয়সাল মাহমুদ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ক্যাম্পে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা খাবার খান। এর কিছুক্ষণ পরই একে একে কয়েকজন সদস্য অসুস্থবোধ করতে শুরু করেন। একপর্যায়ে তাদের কয়েকজন অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, অসুস্থ সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে এবং নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্পে পরিবেশন করা খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, ‘খবর পেয়ে আমি ক্যাম্পে এসেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) ফয়সাল মাহমুদ বলেন, ‘পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খাবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তদন্তের পর অসুস্থতার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’
পুলিশ জানিয়েছে, খাবারে কোনো সমস্যা ছিল কি না, নাকি অন্য কোনো কারণে পুলিশ সদস্যরা অসুস্থ হয়ে পড়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।


