...|...|...

সারাদেশ

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ৮:১৫
Shares
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি: টাইমস টুডে

কুমিল্লার লালমাইয়ে আধিপত্য বিস্তার ও দলীয় বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভুশ্চি বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমাই বাজারে র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ভুশ্চি বাজার এলাকায় আলমগীর হোসেন নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে উপজেলা বিএনপির একটি পক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে।

এরপর কর্মসূচি শেষে নেতাকর্মীরা ফেরার পথে একই এলাকায় দুই পক্ষের মধ্যে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনাও ঘটে।

সংঘর্ষে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ উদ্দিন ও শামীম ইকবাল এবং যুবদল কর্মী মো. মামুন ও সাদ্দাম হোসেনসহ অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া দুই পথচারীও আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হক অভিযোগ করেন, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়ার সমর্থক নেতা-কর্মীরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে যোগ দিতে লালমাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে ভুশ্চি বাজার এলাকায় পৌঁছালে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সমর্থক নেতাকর্মীরা তাদের মিছিলে হামলা চালান।

তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিষয়ে কয়েকজনের কাছে জানতে চাওয়া হলে সেখানে অন্য পক্ষের লোকজন এসে তর্কে জড়ান। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, লালমাই উপজেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে দুটি পক্ষ সক্রিয়। একটি পক্ষ কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর অনুসারী। অন্য পক্ষ কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।

সম্প্রতি নবগঠিত লালমাই উপজেলা বহাল রাখা কিংবা বাদ দেওয়ার প্রশ্নে দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে আসে। এ নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও পাল্টাপাল্টি বক্তব্য ও উত্তেজনা দেখা যায়। এসব বিরোধের মধ্যেই এবার সংঘর্ষের ঘটনা ঘটল। এ বিষয়ে বক্তব্য জানতে দুই সংসদ সদস্যের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ কথা বলতে রাজি হননি।