...|...|...

সারাদেশ

কুমিল্লায় জামায়াত সেক্রেটারির গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যাহতি

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪১ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪২
Shares
কুমিল্লায় জামায়াত সেক্রেটারির গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যাহতি

গোলাম মোহাম্মদ সামদানী। ছবি: সংগৃহীত

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহাবুব আলমের গাড়ি ভাঙচুরের ঘটনায় এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে দলটি। একই সাথে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না কেন, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এবি পার্টির কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) জামায়াত নেতা মাহাবুব আলমের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা ব্যক্তিকে গোলাম মোহাম্মদ সামদানী বলে শনাক্ত করার দাবি করা হয়েছে।

অব্যাহতির চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সামদানীকে তার পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি দলের নাম, পদবি বা প্রতীক ব্যবহার করে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা কিংবা দলের পক্ষে বক্তব্য-বিবৃতি দিতে পারবেন না।

এদিকে, কুমিল্লা জেলা এবি পার্টির আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক জানিয়েছেন, জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিষয়ে এবি পার্টির কুমিল্লা মহানগর ও জেলা শাখা কোনোভাবেই সম্পৃক্ত নয়। ব্যক্তিগত সিদ্ধান্তে কেউ এমন কর্মকাণ্ডে জড়িত হয়ে থাকলে তার দায় দল বহন করবে না।