...|...|...

সারাদেশ

কুমিল্লায় জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, রাত ২:১৫
Shares
কুমিল্লায় জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিহত জামায়াত নেতা ইউসুফ হোসেন। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে কাজী ইউসুফ হোসেন (৪৫) নামে এক জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ ইসলামী সঙ্গীতের শিল্পী হিসেবেও পরিচিত ছিলেন।

নিহত কাজী ইউসুফ হোসেন কনকাপৈত গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। তিনি জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গত শনিবার (২৪ অক্টোবর) কনকাপৈত স্কুল মাঠে ট্রাক্টর থেকে বালু ওঠানো-নামানো নিয়ে ইউসুফের সাথে আমজাদের বাজারের ফারিহা এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম আজাদের এক ট্রাক্টরচালকের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে আবুল কালাম আজাদ ইউসুফকে আমজাদের বাজার এলাকায় যেতে নিষেধ করেন এবং হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

এর দুই দিন পর সোমবার সকালে ইউসুফ আমজাদের বাজারে গেলে আবুল কালাম আজাদের লোকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে পড়ে গেলে উপস্থিত কয়েকজন তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী জানান, ইউসুফকে জরুরি বিভাগে আনার পর তার অবস্থা সংকটাপন্ন থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় পাঠানো হয়। তবে সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে আবুল কালাম আজাদ ও তার লোকজন আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন জানান, ইউসুফ তাদের দলের কর্মী ছিলেন। প্রকাশ্যে মারধরের শিকার হয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।