কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, রাসেলের মোবাইল ফোনে সিআইডির লোগো সংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবি পাওয়া গেছে।
সোমবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আলম শাহ। এর আগে রবিবার (২৫ অক্টোবর) তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শাসনগাছা এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ এক মোটরসাইকেলচালককে থামার সংকেত দেয়। এ সময় ওই চালক নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে নিজের নাম রাসেল বলে জানান। তবে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় প্রমাণ দেখাতে না পারায় দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট নিয়ম অনুযায়ী মোটরসাইকেলটি ডাম্পিংয়ে পাঠান।
পরদিন মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে যান রাসেল হোসেন। এ সময় তিনি আবারও নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তাঁর পরিচয় নিয়ে সন্দেহ হলে ট্রাফিক পুলিশ বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে জানায়।
পরে ডিবি পুলিশের একটি বিশেষ দল ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে তার পরিচয় ও কর্মস্থল যাচাই করে। পুলিশের দাবি, যাচাইয়ে রাসেলের সিআইডি কর্মকর্তা হওয়ার কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে তার মোবাইল ফোন তল্লাশি করে ভুয়া পরিচয়পত্রের ছবি ও এআই দিয়ে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবি পাওয়া যায়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


