...|...|...

ক্যাম্পাস

কুবির হলে মারামারির ঘটনায় ২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

কুবি প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ভোর রাত ৪:০০ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৫৪
Shares
কুবির হলে মারামারির ঘটনায় ২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের মারামারির ঘটনায় দুই শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার বিস্তারিত তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে হল প্রশাসন।

শুক্রবার (২১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. হারুন।

তিনি জানান, হলে যেন এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য প্রাথমিকভাবে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গঠিত তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরীকে। সদস্য সচিব হিসেবে রয়েছেন সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ময়নাল হোসাইন। কমিটির অন্য দুই সদস্য হলেন আইসিটি বিভাগের প্রভাষক খন্দকার ওলিউল্লাহ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসসি) বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম বাবর।

সাময়িক বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের ইলিয়াস ইসলাম সবুজ ও হুমায়ুন কবির।

এর আগে, মেসেঞ্জার গ্রুপে দেওয়া একটি বার্তাকে কেন্দ্র করে বিষয়টি সমাধানের জন্য প্রাধ্যক্ষের কক্ষে বৈঠক বসে। পরে কক্ষের বাইরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ হোসাইনের মাথায় আঘাত লাগে এবং তা ফেটে যায়।