কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া- এই তিন জেলা নিয়ে নতুন ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। প্রস্তাবিত বিভাগের সদর দফতর ব্রাহ্মণবাড়িয়ায় স্থাপনেরও প্রস্তাব দিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি তুলে ধরেন তিনি।
ফেসবুক পোস্টে কবির আহমেদ ভূঁইয়া উল্লেখ করেন, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে নতুন বিভাগ গঠন করা হলে প্রায় ৮৯ লাখ মানুষ বিভাগীয় প্রশাসনিক সুবিধার আওতায় আসবেন। তার প্রস্তাব অনুযায়ী, নতুন বিভাগে তিন জেলার মোট ৩১টি উপজেলা অন্তর্ভুক্ত থাকবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের জনশুমারির তথ্য তুলে ধরে পোস্টে বলা হয়, কিশোরগঞ্জ জেলার জনসংখ্যা ৩২ লাখ ৬৭ হাজার ৬২৬, হবিগঞ্জের ২৩ লাখ ৫৮ হাজার ৮৮৬ এবং ব্রাহ্মণবাড়িয়ার ৩৩ লাখ ৬ হাজার ৫৫৯ জন। তিন জেলার মোট জনসংখ্যা দাঁড়ায় ৮৯ লাখ ৩৩ হাজার ৭১ জন। প্রস্তাবিত বিভাগটির সম্মিলিত আয়তন প্রায় ৭ হাজার ২০০ বর্গকিলোমিটারের বেশি বলেও উল্লেখ করা হয়।
নতুন বিভাগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরে কবির আহমেদ ভূঁইয়া বলেন, কিশোরগঞ্জের হাওর, কৃষি ও মৎস্যসম্পদ, হবিগঞ্জের গ্যাস, চা ও শিল্পাঞ্চল এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর, বিদ্যুৎকেন্দ্র, আখাউড়া স্থলবন্দর ও আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থা সমন্বিতভাবে কাজে লাগানো গেলে একটি শক্তিশালী আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।
তার মতে, নতুন বিভাগ গঠিত হলে তিন জেলার মানুষের বিভাগীয় পর্যায়ের সরকারি সেবা গ্রহণ সহজ হবে। পাশাপাশি উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা, কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষি ও মৎস্য খাতের বিকাশ এবং যোগাযোগব্যবস্থার সম্প্রসারণেও নতুন সম্ভাবনা তৈরি হবে।
প্রস্তাবিত বিভাগের সদর দফতর ব্রাহ্মণবাড়িয়ায় স্থাপনের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি জেলার ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্বের বিষয়টি উল্লেখ করেন। বিশেষ করে আশুগঞ্জ নদীবন্দর, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পাঞ্চল, আখাউড়া স্থলবন্দর এবং ঢাকা-চট্টগ্রাম রেল ও সড়ক যোগাযোগব্যবস্থাকে সম্ভাব্য বিভাগের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখছেন তিনি।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও আখাউড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন কবির আহমেদ ভূঁইয়া। তার প্রস্তাবিত ইউনিয়নগুলো হলো- রামরাইল, সিঙ্গারবিল, সুলতানপুর, বাসুদেব ও বরিশল।
এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়। চিঠিতে প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাই করে মতামতসহ প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়। জানা যায়, কবির আহমেদ ভূঁইয়া ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ বিষয়ে আবেদন করেন। পরদিন ৯ সেপ্টেম্বর সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন চেয়ে চিঠি জারি করা হয়।
তবে নতুন উপজেলা গঠনের এ প্রস্তাবকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিতর্ক দেখা দেয়। প্রস্তাবের বিরোধিতা করে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এসব কর্মসূচি থেকে প্রস্তাবটির সমালোচনা করেন আন্দোলনকারীরা।
নতুন উপজেলা গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এবার তিন জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি তুলে নতুন করে আলোচনায় এসেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কবির আহমেদ ভূঁইয়া।
ফেসবুক পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, তার এ প্রস্তাবের সাথে অনেকের দ্বিমত থাকতে পারে। তবে একজন সচেতন নাগরিক হিসেবে তিন জেলার সমান মর্যাদা, উন্নয়নের সুযোগ ও সমন্বিত প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া বিভাগ গঠন প্রয়োজন বলে তিনি মনে করেন।
কবির আহমেদ ভূঁইয়া তার এ প্রস্তাবকে সম্পূর্ণ ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করেছেন।


