...|...|...

রাজনীতি

গাজী আতাউর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ আবারও মানুষ হত্যার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, রাত ১০:৫৮
Shares
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ আবারও মানুষ হত্যার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে

মাওলানা গাজী আতাউর রহমান। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও মানুষ হত্যার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। হাজারো মানুষকে হত্যা এবং লাখো মানুষের রক্ত ঝরানোর পরও দলটির নেতাকর্মীদের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তাদের মধ্যে ঔদ্ধত্য ও অহমিকা কাজ করছে। তারা আবারও মানুষ হত্যার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে।

শুক্রবার (২০ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘নগর ও ওয়ার্ড দায়িত্বশীল তারবিয়াত’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, আওয়ামী লীগ মনে করছে, মানুষকে কষ্ট দিয়ে ও জনজীবনে অস্থিরতা সৃষ্টি করে জনগণের কাছ থেকে আবারও দেশে ফেরার সুযোগ পাবে। কিন্তু দেশপ্রেমিক জনগণ তাদের এসব কর্মসূচি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ এখনো তাদের রক্তের পিপাসা ভুলতে পারেনি। নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ফেরার পথ দিন দিন আরও কঠিন করে তুলছে দলটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলে বারী মাসউদ বলেন, শরিয়াহ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা প্রস্তুতি নিচ্ছেন। দেশের মানুষ প্রচলিত আইন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষকে বোকা বানানোর সুযোগ আর নেই। অচিরেই ইসলামী শরিয়াহর পক্ষে গণআন্দোলন গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে নগর সহসভাপতি আলহাজ আবদুল আউয়াল মজুমদার বলেন, প্রতিটি ওয়ার্ডে ইসলামী শরিয়াহ প্রতিষ্ঠার পক্ষে জনমত গড়ে তুলতে হবে। এছাড়া আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ, সহসভাপতি আলহাজ এম এইচ মোস্তফা, যুগ্ম সম্পাদক ফজলুল হক মৃধা ও সহকারী সেক্রেটারি মুফতি আবদুল আহাদ প্রমুখ।