পিরোজপুরের কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি অলক কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। অলক কর্মকার কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পুলিশের একটি দল উপজেলা সদর থেকে অলক কর্মকারকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে তাকে কাউখালী থানায় রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, কাউখালী উত্তর বাজার বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় অলক কর্মকারকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

