২০ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়েছেন স্পেনের দুই তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল ও পাউ কুবার্সি। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এই তালিকায় যুক্ত হয়েছেন তারা।
১৯ বছর ৬ দিন বয়সে শিরোপা জিতে ব্রাজিলের কুতিনিয়োর সাথে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন ইয়ামাল। আর ১৯ বছর ১৭৮ দিন বয়সে বিশ্বকাপ জিতে সপ্তম স্থানে আছেন কুবার্সি।
বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম বয়সে শিরোপা জেতা খেলোয়াড়দের তালিকা হালনাগাদ করে এই তথ্য প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রকাশিত এই তালিকায় ২০ বছর বয়সের আগে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ফুটবলারদের কীর্তি তুলে ধরা হয়েছে। তালিকায় স্পেনের দুই তরুণের পাশাপাশি জায়গা পেয়েছেন পেলে, রোনালদো, এমবাপ্পে, কাকা ও থিয়েরি অঁরির মতো তারকারাও।
তালিকার শীর্ষে আছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। ১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপে মাত্র ১৭ বছর ২৪৯ দিন বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হন তিনি।
ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে ব্রাজিলের ৫-২ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন পেলে। এখন পর্যন্ত একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের রেকর্ডও রয়েছে তার।
দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনালদো নাজারিও। ১৯৯৪ বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৭ বছর ২৯৮ দিন। তৃতীয় স্থানে থাকা ইতালির জিউসেপ্পে বারগোমি ১৯৮২ সালে ১৮ বছর ১৭৪ দিন বয়সে বিশ্বকাপ জেতেন।
ইয়ামালের সাথে যৌথভাবে চতুর্থ স্থানে থাকা কুতিনিয়ো ১৯ বছর ৬ দিন বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হন। এরপর ১৯ বছর ১৩৫ দিন বয়সে শিরোপা জেতা মার্কো আন্তোনিও ষষ্ঠ। সপ্তম স্থানে থাকা কুবার্সির পর ১৯ বছর ২০৭ দিন বয়সে ২০১৮ বিশ্বকাপ জেতা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে রয়েছেন অষ্টম অবস্থানে।
সবচেয়ে কম বয়সে বিশ্বকাপজয়ীদের তালিকা
১. পেলে — ১৭ বছর ২৪৯ দিন
২. রোনালদো — ১৭ বছর ২৯৮ দিন
৩. জিউসেপ্পে বারগোমি — ১৮ বছর ১৭৪ দিন
৪. কুতিনিয়ো — ১৯ বছর ৬ দিন
৪. লামিনে ইয়ামাল — ১৯ বছর ৬ দিন
৬. মার্কো আন্তোনিও — ১৯ বছর ১৩৫ দিন
৭. পাউ কুবার্সি — ১৯ বছর ১৭৮ দিন
৮. কিলিয়ান এমবাপ্পে — ১৯ বছর ২০৭ দিন
৯. মাজ্জোলা — ১৯ বছর ৩০৯ দিন
১০. রুবেন মোরান — ১৯ বছর ৩৪৪ দিন

