ব্যালন ডি’অর জয়ের আকাঙ্ক্ষা নিয়ে প্রকাশ্যে নিজের অবস্থান জানানোয় সমালোচনার মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তার প্রতিভা ও গোলের রেকর্ডের প্রশংসা করলেও পুরস্কারটি নিয়ে তার আত্মকেন্দ্রিক বক্তব্যের সমালোচনা করেছেন ফ্রান্সের সাবেক তারকা জিন-পিয়েরি পাপিন। অন্যদিকে, এবারের ব্যালন ডি’অর জয়ের জন্য ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে নিজের পছন্দ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মার্কাতো’কে দেওয়া সাক্ষাৎকারে ব্যালন ডি’অর নিয়ে এমবাপের মন্তব্যের সমালোচনা করেন ১৯৯১ সালের ব্যালন ডি’অর জয়ী পাপিন। এ সময় তিনি বলেন, ‘আমি সত্যিই কিলিয়ানের প্রশংসা করি। তার অনেক রেকর্ড আছে, কিন্তু একটি নির্দিষ্ট বিষয় (ব্যালন ডি’অর প্রসঙ্গ) এলে সে কেবল “আমি, আমি, আমি”-তে পরিণত হয়। যদিও ব্যালন ডি’অর অন্যদের মাধ্যমে নির্ধারিত হয়।’
এমবাপের একটি বক্তব্যকে বাড়াবাড়ি বলেও মন্তব্য করেন মার্সেইয়ের সাবেক এই স্ট্রাইকার। তার ভাষায়, ‘একপর্যায়ে সে নিজের চেয়ে আর কেউই ব্যালন ডি’অর প্রাপ্য নয় বলে মন্তব্য করেছে। এটি আমার কাছে অতিরিক্ত মনে হয়েছে, একদম বাড়াবাড়ি পর্যায়ের।’
পাপিনের আপত্তি অবশ্য এমবাপের ফুটবলীয় সামর্থ্য নিয়ে নয়। তার মতে, ফরাসি অধিনায়কের রেকর্ড ও পারফরম্যান্স প্রশংসার যোগ্য হলেও ব্যালন ডি’অরের মতো ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রে নিজের সম্পর্কে খেলোয়াড়ের ধারণাই শেষ কথা নয়। ভোটারদের বিবেচনায় থাকা বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতেই এই পুরস্কারের বিজয়ী নির্ধারিত হয়।
আলোচনার একপর্যায়ে পুরস্কারটির মানদণ্ডের প্রসঙ্গ টেনে পাপিন জানান, এমবাপের মধ্যে সেগুলোর অনেক গুণই রয়েছে। তবে নিজের সম্পর্কে জনসমক্ষে যে ধরনের ভাবমূর্তি তৈরি করেছেন, সেটি তার জন্য নেতিবাচক হতে পারে বলে মনে করেন তিনি। এ সময় নিজের পছন্দের খেলোয়াড় হিসেবে হ্যারি কেইনের নামও উল্লেখ করেন সাবেক এই ফরাসি তারকা।
এর আগে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে ব্যালন ডি’অর জয়ের প্রত্যাশা জানিয়েছিলেন এমবাপে। নিজের লক্ষ্য সম্পর্কে তিনি বলেছিলেন, ‘আমি বিশ্বাস করি, এ বছর আমি এটি (ব্যালন ডি’অর) জিততে পারি। এটি আমার অন্যতম লক্ষ্য, একইসাথে স্বল্পমেয়াদি লক্ষ্যও। (এ বছর) আমার চেয়ে ভালো কোনো খেলোয়াড় ছিল না। আমরা অর্জনের কথা বলছিলাম। বড় প্রতিযোগিতাগুলোতে এত গোল করা, যেখানে বিশ্বের সব বড় খেলোয়াড় অংশ নেয়, আর অবশ্যই বিশ্বকাপের মতো সবচেয়ে বড় মঞ্চে।’
এমবাপের এই আত্মবিশ্বাসী বক্তব্যের বিপরীতে পাপিনের মন্তব্য ব্যালন ডি’অর নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে পুরস্কারটির চূড়ান্ত ফল নির্ভর করবে ভোটারদের মূল্যায়নের ওপর।


