...|...|...

বিশ্ব

কমলো জ্বালানি তেলের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:১৯
Shares
কমলো জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি হয়ে তেল পরিবহণ পরিস্থিতির উন্নতি এবং সরবরাহ বাড়ার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ কমে ৯৫ দশমিক ৩৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৩৩ ডলারে দাঁড়ায়।

এর আগে শুক্রবারও দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয় বিশ্ববাজারে জ্বালানি তেলের। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাতের কারণে তৈরি হওয়া ভূরাজনৈতিক ঝুঁকি কমার সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আলোচনা চলছিল। এর প্রভাবে আগের সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম যথাক্রমে ১৬ ও ১৩ শতাংশ কমেছিল।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার জানিয়েছে, চলতি বছরের শেষ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্য থেকে তেল রফতানি দ্রুত স্বাভাবিক হওয়ার কারণে এমন পরিস্থিতির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে জাহাজ চলাচলে হামলার আশঙ্কা এখনও রয়েছে।

আইইএর পূর্বাভাস অনুযায়ী, বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে দৈনিক গড়ে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হতে পারে। যা সম্ভাব্য চাহিদার তুলনায় দৈনিক ১৭ লাখ ব্যারেল বেশি। এর আগে একই সময়ে তেলের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করেছিল সংস্থাটি।

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ব্যবসায়ীরা বাজারে সরবরাহ ঘাটতির পরিবর্তে অতিরিক্ত তেলের সম্ভাবনা বিবেচনা করছেন। এতে বাজারের মনোভাব বদলে যাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোন্স অ্যাক্টের আওতায় দেওয়া ছাড়ের মেয়াদ আরও ৯০ দিন বাড়িয়েছেন। এই আইনে যুক্তরাষ্ট্রের এক বন্দর থেকে অন্য বন্দরে পণ্য পরিবহণের ক্ষেত্রে মার্কিন পতাকাবাহী জাহাজ ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে বিদেশি পতাকাবাহী জাহাজও যুক্তরাষ্ট্রের বন্দরগুলোর মধ্যে তেল, পেট্রল ও ডিজেল পরিবহণ করতে পারবে।