...|...|...

খেলা

কবে ফিরছেন নাহিদ রানা, জানালেন হাবিবুল বাশার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:১২ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:১৪
Shares
কবে ফিরছেন নাহিদ রানা, জানালেন হাবিবুল বাশার

নাহিদ রানা। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে ফেরার পথে রয়েছেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ফেরার সম্ভাবনা রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণার পর নাহিদের চোটের সর্বশেষ অবস্থা জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তিনি জানান, অস্ট্রেলিয়ায় পুনর্বাসনে থাকা নাহিদের সাথে তার কথা হয়েছে। মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী এই পেসার।

বাশার জানান, পুনর্বাসনের অংশ হিসেবে ইতিমধ্যে প্রায় ৯০ শতাংশ শক্তিতে বোলিং করছেন নাহিদ। তবে পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না নির্বাচকেরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নাহিদকে পাওয়া যাবে না। ওয়ানডে সিরিজে ফেরার সম্ভাবনা থাকলেও ডিসেম্বরের টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়ার ব্যাপারে বেশি আশাবাদী প্রধান নির্বাচক।

গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ। পরে পিঠের নিচের অংশ ও নিতম্বের আশপাশে অস্বস্তি দেখা দেওয়ায় তার মাঠে ফেরা পিছিয়ে যায়। বর্তমানে অস্ট্রেলিয়ার পার্থে বিশেষজ্ঞ চিকিৎসক পিটার ডি আলেসান্দ্রোর তত্ত্বাবধানে চলছে তার পুনর্বাসন।

নাহিদকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ।

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর। এরপর ১, ৪ ও ৭ ডিসেম্বর ওয়ানডে এবং ১০, ১২ ও ১৩ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।