...|...|...

বিশ্ব

কঙ্গোয় সেনা বিমান বিধ্বস্ত, সামরিক কর্মকর্তাসহ নিহত ১৪

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২৪ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২৮
Shares
কঙ্গোয় সেনা বিমান বিধ্বস্ত, সামরিক কর্মকর্তাসহ নিহত ১৪

ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) একটি আবাসিক এলাকায় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও সাধারণ নাগরিকসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাও রয়েছেন। খবর আল জাজিরার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে। কুয়াঙ্গো প্রদেশের উপ-গভর্নর রেমি সাকি বোকিন্ডা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউইত শহর থেকে রাজধানী কিনশাশার উদ্দেশ্যে রওনা হওয়ার পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং পাইলট কুয়াঙ্গো প্রদেশের কেঞ্জে এলাকায় জরুরি অবতরণের চেষ্টা করেন।

উপ-গভর্নর বোকিন্ডা জানান, কেঞ্জে এলাকায় কোনো সঠিক ল্যান্ডিং স্ট্রিপ বা রানওয়ে না থাকায় বিমানটি সরাসরি একটি আবাসিক প্লটে গিয়ে আছড়ে পড়ে।

কঙ্গোলিজ সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেনগে নিশ্চিত করেছেন যে এই দুর্ঘটনায় মোট ১৪ জনের প্রাণহানি ঘটেছে। তিনি বলেন, বিমানের ভেতরে থাকা সবাই মারা গেছেন। ১২ জনের লাশ এতটাই পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে, আর পাইলটের দেহটি বিমানের বাইরে পাওয়া গেছে।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বেশ কয়েকজন সাধারণ নাগরিক, দুই জেনারেলের সাথে ভ্রমণরত একটি সরকারি প্রতিনিধি দলের সদস্যবৃন্দ এবং অন্যান্য সামরিক কর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

মেজর জেনারেল একেনগে আরও জানান, এই দুর্ঘটনার মূল কারণ উদ্ঘাটন করতে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে।