...|...|...

ধর্ম

ওয়ারিশের হক নষ্টকারীদের প্রতি কোরআনের কঠোর বার্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৪
Shares
ওয়ারিশের হক নষ্টকারীদের প্রতি কোরআনের কঠোর বার্তা

ছবি: সংগৃহীত

উত্তরাধিকার সম্পত্তির সুষ্ঠু বণ্টনের বিষয়ে ইসলামে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদে প্রত্যেক ওয়ারিশের নির্ধারিত অধিকার রয়েছে। কিন্তু সমাজে প্রায়ই দেখা যায়, নানা অজুহাতে ভাই-বোন কিংবা অন্য উত্তরাধিকারীদের ন্যায্য অংশ থেকে বঞ্চিত করা হয়। ইসলামের বিধান অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ড গুরুতর পাপ এবং বান্দার হক লঙ্ঘনের শামিল।

উত্তরাধিকার সম্পত্তিতে নারী ও পুরুষের অধিকার নিশ্চিত করে পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘পিতা-মাতা ও আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ রয়েছে এবং পিতা-মাতা ও আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ রয়েছে-তা কম হোক বা বেশি, নির্ধারিত অংশ হিসেবে।’ (সুরা নিসা, আয়াত: ৭)

সুরা নিসার ১৩ ও ১৪ নম্বর আয়াতে সম্পত্তি বণ্টনের বিধানকে আল্লাহর নির্ধারিত সীমারেখা হিসেবে তুলে ধরা হয়েছে। যারা এই বিধান মেনে চলবেন, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। বিপরীতে যারা আল্লাহ ও তার রাসুলের অবাধ্য হয়ে নির্ধারিত সীমা অতিক্রম করবেন, তাদের জন্য রয়েছে জাহান্নাম ও অপমানজনক শাস্তির সতর্কবার্তা।

অন্যের সম্পদ আত্মসাতের বিরুদ্ধেও কঠোর নির্দেশনা দিয়েছেন মহান আল্লাহ। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৮)

মানুষের অধিকার হরণের ভয়াবহ পরিণতি সম্পর্কে রাসুলুল্লাহ (সা.)-ও সতর্ক করেছেন। সহিহ মুসলিমের একটি হাদিসে বলা হয়েছে, কিয়ামতের দিন এমন অনেক ব্যক্তি নামাজ, রোজা ও জাকাতের নেকি নিয়ে উপস্থিত হবে, যারা দুনিয়ায় অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে অপবাদ দিয়েছে কিংবা নির্যাতন করেছে। তাদের নেক আমল থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা পরিশোধ করা হবে। নেকি ফুরিয়ে গেলে ভুক্তভোগীদের গুনাহ তাদের ওপর চাপিয়ে দেওয়া হবে। পরিশেষে তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। (সহিহ মুসলিম, হাদিস: ২৫৮১)

এই হাদিসের শিক্ষা হলো, নিয়মিত ইবাদত করলেও অন্যের অধিকার হরণের দায় থেকে মুক্তি পাওয়া যায় না। মানুষের হক নষ্ট করার কারণে অর্জিত নেক আমলও হারাতে হতে পারে।

তাই উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে প্রত্যেকের প্রাপ্য অংশ যথাযথভাবে বুঝিয়ে দেওয়া উচিত। কেউ অন্যের সম্পত্তি আত্মসাৎ করলে আন্তরিকভাবে তওবা করার পাশাপাশি সেই সম্পদ ফিরিয়ে দিতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। পার্থিব সম্পদের লোভে অন্যের অধিকার হরণ করে নিজের পরকালকে বিপদের মুখে ফেলা কোনোভাবেই উচিত নয়।