খাগড়াছড়ির পানছড়িতে অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সামনের চাকা খুলে দুর্ঘটনার কবলে পড়েছে একটি অটোরিকশা। এতে তানিয়া আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পানছড়ি-খাগড়াছড়ি সড়কের পানছড়ি উপজেলার ৪ নম্বর লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, পানছড়ি থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথে অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় এর সামনের চাকা খুলে যায়। এতে অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িতে থাকা শিশু তানিয়া আক্তার ও বিজিবি সদস্য নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।
আহত বিজিবি সদস্য মো. আব্দুর রাজ্জাক ৩ বিজিবি ব্যাটালিয়নের আরআইবি সদস্য। তিনি অস্থায়ী দায়িত্ব পালনের জন্য পানছড়ি ব্যাটালিয়ন থেকে সিএনজিযোগে গুইমারা সেক্টরের উদ্দেশে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাকে ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়নের চিকিৎসাকক্ষে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গুইমারা সেক্টরের শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতালে পাঠানো হয়।
নিহত তানিয়া আক্তার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকার পুরাতন বর্ণাল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় পানছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিল।


